পূর্বাচলে বিশ্বমানের একটি ক্রিকেট এক্সিলেন্স সেন্টার গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রকল্পের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে ভারতের বেঙ্গালুরু সফরে যাচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
বৃহস্পতিবার ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তামিম। এই সফরের মূল লক্ষ্য হলো বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের আধুনিক 'সেন্টার অব এক্সিলেন্স' পরিদর্শন করা।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, তামিম ইকবালের সঙ্গে এই সফরে যাচ্ছেন বোর্ডের গ্রাউন্ডস ও হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান শাহনিয়ান তানিম।
এর আগে বুধবার তামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। বোর্ড সভাপতি জানিয়েছেন, প্রকল্পটির কাজ দ্রুত শুরু করা হবে।
প্রস্তাবিত এই সেন্টারে আধুনিক অনুশীলন ব্যবস্থা, জিমনেসিয়াম, স্পোর্টস সায়েন্স এবং বায়োমেকানিকসের সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। বিসিসিআই-এর সেন্টারটি পরিদর্শনের মাধ্যমে এসব অবকাঠামোর পরিচালনা ও ব্যবহার সম্পর্কে সরাসরি ধারণা নেবে বিসিবি প্রতিনিধিদল।
বিসিবির লক্ষ্য, পূর্বাচলের এই স্থাপনাটি বাংলাদেশের ক্রিকেটারদের দীর্ঘমেয়াদি উন্নয়ন, পুনর্বাসন এবং বয়সভিত্তিক ও হাই পারফরম্যান্স দলের প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় দলের ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধিতেও এটি ব্যবহৃত হবে।
সফরকালে তামিম ইকবালের বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকলেও আলোচ্যসূচি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এছাড়া রাজনৈতিক জটিলতার কারণে আটকে থাকা ভারতের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনা হবে কি না, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।