বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে নেত্রকোনার প্রেসক্লাব মিলনায়তনে দলের জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, "ফ্যাসিবাদের পতনের পর মানুষের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছিল জনআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যেখানে বিগত ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হবে না। প্রতিহিংসার রাজনীতির কবর রচিত হবে। মানুষের জীবন-সম্পদ, সম্মান ও সম্ভ্রমের নিরাপত্তা পাবে। ধর্মকর্ম স্বাধীনভাবে করতে পারবে। কিন্তু বর্তমান সরকারের পাঁচ মাসের শাসনে জনমনে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।"

তার মতে, বিরোধী মত দমনে বর্তমান সরকারও বিগত ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে এবং গতকাল এনসিপি নেতাদের ওপর হামলা তার প্রমাণ।

দেশ পরিচালনায় জুলাই সনদের আলোকে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। মাওলানা কাইয়ূম বলেন, জুলাই সনদের আলোকেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে এবং ১৮০ দিনের মধ্যে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন করতে হবে।

বিজয়ের ৫৫ বছর পরও দেশের মানুষ ন্যায়বিচার পায়নি উল্লেখ করে তিনি বলেন, "দেশের জনগণ এখনও শোষণ ও বঞ্চনার শিকার। ন্যায়বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত।"

জনআকাঙ্ক্ষার বৈষম্যহীন ও শোষণ-বঞ্চনামুক্ত বাংলাদেশ গড়তে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে একযোগে কাজ করার কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা নুরুল ইসলাম হাকিমীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি ওয়ালী উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই শুরা অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাইয়ূম, মাওলানা মামুনুর রশিদ রব্বানী এবং মাহমুদুল হাসান খান সানি প্রমুখ।