বগুড়া শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটি এবং একজন ভুয়া চিকিৎসককে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে শহরের মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় ওই ডায়াগনস্টিক সেন্টারে কোনো কর্তব্যরত চিকিৎসক কিংবা নিবন্ধিত (রেজিস্টার্ড) নার্স পাওয়া যায়নি। এছাড়া ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট সংরক্ষণের কোনো রেকর্ড ছিল না এবং প্রতিষ্ঠানের ভেতরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের জন্য সংশ্লিষ্ট আইনে মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন এনামুল হক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়াই চিকিৎসা প্রদান করছিলেন। তার বিরুদ্ধে রোগীদের অ্যান্টিবায়োটিক ওষুধ লিখে দেওয়া এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগ পাওয়া যায়। বৈধ সনদ বা বিএমডিসির নিবন্ধন ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএমডিসি আইন, ২০১০ অনুযায়ী তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেন বলেন, "জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।"

উক্ত অভিযানে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি এবং জেলা পুলিশের সদস্যরা সহায়তা করেন।