মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় দুটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে এমপির এক প্রতিনিধিদল ডাসারের তিন প্রতিবন্ধী বোন এবং কালকিনিতে বাদাম বিক্রি করে পড়াশোনার খরচ চালানো এক শিক্ষার্থীর পরিবারে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এই আর্থিক সহায়তায় উপকারভোগী পরিবারগুলো এবং স্থানীয় সাধারণ মানুষ খোকন তালুকদারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা গেছে, ডাসারের পূর্ব দর্শনা এলাকার উম্মি বেগম, আকিতন ও নুননাহার নামের তিন প্রতিবন্ধী বোন তাদের বাবা-মাকে হারিয়েছেন। তাদের মানবেতর জীবনযাপনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নজরে আসে।
অন্যদিকে, কালকিনি পৌরসভার মিনাজদী এলাকার অষ্টম শ্রেণির ছাত্র রবিউল শেখের বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব নেওয়া এবং নিজের পড়াশোনার খরচ জোগাতে রবিউল বাদাম বিক্রি করে আসছিলেন। খবরটি পাওয়ার পর রবিউলের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন বলে জানান এমপির প্রতিনিধিরা।
এমপির প্রতিনিধি নুরুজ্জামান তালুকদার বলেন, "মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারের নিদর্শনায় ডাসারে একটি প্রতিবন্ধী পরিবার ও কালকিনিতে বাদাম বিক্রি করে লেখাপড়ার খরচ চালানো দুটি পরিবারে নগদ অর্থ, বস্ত্র ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। এমপির পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, সমাজসেবক ইরান তালুকদার, ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সাবেক ছাত্র নেতা আতিকুর রহমান আজাদ, কালকিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাজমুল হাসান, ডাসার উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান এবং ডাসার উপজেলা যুবদল নেতা রেদোয়ান হাসান রুবেল প্রমুখ।