সুনামগঞ্জ সদর উপজেলায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার ঘটনায় গ্রেপ্তার যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজপথে নেমেছেন ওই শিক্ষার্থীর সহপাঠী ও শিক্ষকরা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বুড়িস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদ্যোৎ রঞ্জন দাস, সহকারী শিক্ষক নাইমা সুলতানা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শামছুদ্দিন এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, "সাইফুল হক একটা খারাপ মানুষ। আমরা তার কঠিন বিচার চাই। যেন আর কোনো মানুষ শিশুদের সঙ্গে খারাপ কাজ করার সাহস না পায়। আমরা তার ফাঁসি চাই।"
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই বিকেলে সদর উপজেলার বাদে সাদকপুর গ্রামের বাসিন্দা সাইফুল হক প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থীকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই শিশুর চিৎকার ও কান্না শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গেলে অভিযুক্ত সাইফুল হক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয়রা তাকে ধরে মারধর করে পরবর্তীতে পুলিশের হাতে সোপর্দ করেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগী শিশুর পরিবার বাদী হয়ে সদর থানায় সাইফুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বর্তমানে অভিযুক্ত সাইফুল হক গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থান করছেন।