ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের এক শিক্ষার্থী ও এক বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে সমকামিতার অভিযোগ উঠেছে। অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে ওই বহিরাগত ব্যক্তিকে হলের রুমে ডেকে আনলে এই ঘটনা সামনে আসে। অভিযুক্ত শিক্ষার্থী উর্দু বিভাগের ২২-২৩ সেশনের ছাত্র।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় মাস্টারদা সূর্যসেন হলে এই ঘটনা ঘটে। হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান সংবাদমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ দিয়ে মোহাম্মাদ ইমরান বলেন, “সকালের দিকে আমাদের হলের একটি রুমের সামনে একজন বহিরাগতকে পাওয়া যায়। তার অন্য একটি রুমে যাওয়ার কথা থাকলেও ভুলক্রমে তিনি আরেকটি রুমের সামনে চলে যান। ওই রুমের যে আবাসিক শিক্ষার্থী আছেন তারা তাকে জিজ্ঞাসার মাধ্যমে আমাদের হলের অভিযুক্ত শিক্ষার্থীকে শনাক্ত করেন। পরবর্তীতে তাদের দুজনের মোবাইলে সমকামীদের যোগাযোগ করার একটি অনলাইন অ্যাপ পাওয়া যায় ও সেখানে তাদের যোগাযোগের বিষয়টি বেরিয়ে আসে।”

তিনি আরও জানান, বিষয়টি সাথে সাথে হল প্রশাসনকে অবহিত করা হয়। এরপর হলের প্রাধ্যক্ষ ও হাউজ টিউটররা তাদের প্রাধ্যক্ষের রুমে নিয়ে যান, যেখানে তারা দুজনেই স্বীকারোক্তিমূলক মুচলেকা প্রদান করেন। এই স্বীকারোক্তির ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে। এছাড়া প্রক্টরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় আইনের ধারা অনুযায়ী হল প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে তিনি জানান।

তদন্ত চলাকালীন অভিযুক্ত শিক্ষার্থী স্বীকার করেছেন যে তিনি দীর্ঘ সময় ধরে সমকামিতার সঙ্গে জড়িত। পাশাপাশি হলের আরও দুজন শিক্ষার্থীও এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তিনি দাবি করেছেন।

তবে এ বিষয়ে জানতে চাওয়া হলে মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, তিনি এই মুহূর্তে কোনো মন্তব্য করবেন না।