জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখে নতুন বন্দোবস্তের রাজনীতির কথা বললেও বাস্তবে তারা 'ভণ্ডবস্তের রাজনীতি' করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, এনসিপির বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ড দেশের গণতান্ত্রিক পরিবেশের জন্য ইতিবাচক নয় এবং এই দলটি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, "এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললেও বাস্তবে তারা ভণ্ডবস্তের রাজনীতি করছে। তাদের কার্যক্রমের পেছনে কাজ করছে জামায়াতের মস্তিষ্ক। এ ধরনের রাজনীতি দেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।"
সিলেটের সাম্প্রতিক একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, একজন জনপ্রিয় সংসদ সদস্যকে নিয়ে এনসিপির কয়েকজন নেতার আপত্তিকর ও অশালীন মন্তব্যের কারণেই ওই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের সহিংসতা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
গণঅভ্যুত্থানে ভূমিকা থাকার বিষয়ে তিনি আরও বলেন, "গণঅভ্যুত্থানে ভূমিকা থাকলেই কোনো রাজনৈতিক দলের সব ধরনের কর্মকাণ্ড বা অপরাধ ক্ষমাযোগ্য হয়ে যায় না। রাজনীতি করতে হলে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।"
এনসিপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান বলেন, "আমরা চাই তারা সুস্থ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক ধারার রাজনীতিতে ফিরে আসুক। অন্যথায় জনগণ রাজনৈতিকভাবেই তাদের উপযুক্ত জবাব দেবে।"
ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।