সিলেট নগরের মিরের ময়দান এলাকায় অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মুরাদ আহমদ নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান সম্পন্ন করেন মুরাদ আহমদ। এরপর বেতনের চেক নিয়ে বেলা ১১টার দিকে তিনি ব্যাংকের উদ্দেশ্যে বের হন। স্কুলের সামনে বাংলাদেশ বেতার গেটে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মুরাদ আহমদকে ওই অটোরিকশায় করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিক্ষকের দুই মেয়ে রয়েছে। তাদের মধ্যে একজন ব্লু বার্ড স্কুলের নবম শ্রেণিতে এবং অন্যজন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

এই শোকাবহ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, "মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল মুরাদ আহমদের। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।"

তিনি আরও জানান, "মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।"