পাবনার আটঘরিয়ায় গীতা রানী নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে ওই বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গীতা রানী (৪৫) একদন্ত বারইপাড়া গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি পেশায় চাচকিয়া ব্র্যাক মাধ্যমিক স্কুলের শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা সিঁধ কেটে নিহতের ঘরে প্রবেশ করে। সেই সময় বিষয়টি বুঝতে পেরে গীতা রানী বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। স্থানীয়দের ধারণা, একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং মরদেহটি বাড়ির পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে ফেলে রাখা হয়।

ঘটনার পর অপরাধের আলামত নষ্ট করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজির সময় ট্যাংকি থেকে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে অবহিত করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ছাড়া ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানা যাবে।"