নির্বাচন কমিশনে (ইসি) নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির জমা দেওয়া হিসাব অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে তাদের আয় হ্রাস পেয়েছে।

হিসাব অনুযায়ী, ২০২৫ সালে জামায়াতে ইসলামীর মোট আয় হয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা এবং ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ কোটি টাকা।

ইসি সূত্র থেকে জানা গেছে, গত বছরের শুরুতে দলটির হাতে ১৫ কোটি ৭৩ লাখ টাকা ছিল। বছর শেষে বর্তমানে তাদের হাতে নগদ রয়েছে ৭ কোটি ৫১ লাখ ১৩ হাজার ৬৫ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ৩৬৩ টাকা।

এর আগের বছরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে জামায়াতে ইসলামীর আয় হয়েছিল ২৮ কোটি ৯৭ লাখ ২৯৯ টাকা এবং ব্যয় দেখানো হয়েছিল ২৩ কোটি ৭৩ লাখ ৩৮ হাজার ১৭৭ টাকা।

উল্লেখ্য, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জন্য প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকাবর্ষের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেওয়া বাধ্যতামূলক।

এর আগে ১৯ জুলাই বিএনপি তাদের দলীয় আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছিল। বিএনপির দেওয়া হিসাব অনুযায়ী, গত বছর (২০২৫) দলটির আয় হয় ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা এবং ব্যয় হয় ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা। এতে উদ্বৃত্ত থাকে প্রায় ৬ কোটি ৯৩ লাখ টাকা। বর্তমানে বিএনপির ব্যাংকে মোট গচ্ছিত রয়েছে ২৮ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা এবং হাতে নগদ আছে ২ লাখ ৭৯ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে মোট অর্থের পরিমাণ প্রায় ২৮ কোটি ৭ লাখ টাকা।