নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এক সড়ক দুর্ঘটনায় আ.ত.ম ইউসুফ (৪৫) নামের এক কলেজ শিক্ষক প্রাণ হারিয়েছেন। তিনি জয়পুরহাট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষকের বাড়ি নওগাঁ শহরের জগৎসিংহপুর হাজীপাড়া এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও ইউসুফ তার স্কুটি চালিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হন। দয়ালের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কের ওপর পড়ে যান। ঠিক সেই মুহূর্তে বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের দিক থেকে আসা একটি বিআরটিসি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"