মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের জাত চিনিয়ে দিলেন ভারতের উদীয়মান তারকা বৈভব সূর্যবংশী। জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে এক লাফে ২৩০ ধাপ এগিয়ে এসেছেন এই কিশোর ক্রিকেটার।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী, ক্যারিয়ারসেরা ৪৮তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি ওপেনার বৈভব। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতেই টি-টোয়েন্টি ব্যাটারদের শীর্ষ ৫০-এর তালিকায় জায়গা করে নিলেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৫০ দশমিক ৩৩ গড়ে মোট ১৫১ রান সংগ্রহ করেছেন বৈভব। সিরিজের প্রথম ম্যাচে ১৯ বলে অর্ধশতক করার পর শেষ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। বৈভবের এই ব্যাটিং নৈপুণ্যের ওপর ভর করে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজসেরার পুরস্কারও জিতেছেন তিনি।

সিরিজ শুরুর আগে র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকলেও তিন ম্যাচের ধারাবাহিকতা তাকে ২৩০ ধাপ ওপরে ঠেলে দিয়েছে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৫৩৬।

এদিকে টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। ৯১০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে অবস্থান করছেন ঈশান কিষান। জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় ম্যাচের পর তার রেটিং ৯১৬-তে পৌঁছেছিল, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ রেটিং।

ইতিহাসে ঈশানের চেয়ে বেশি রেটিং পেয়েছেন কেবল ভারতের অভিষেক শর্মা (৯৩১) এবং ইংল্যান্ডের ডেভিড মালান (৯১৯)। অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহানের রেটিং ৮৪৮।

হালনাগাদ এই র‍্যাঙ্কিংয়ে ভারতের আরও কয়েকজন ক্রিকেটার উন্নতি করেছেন। দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিলক ভার্মা এবং সাত ধাপ এগিয়ে ২৪তম স্থানে রয়েছেন শ্রেয়াস আইয়ার। বোলারদের তালিকায় ৩১ ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠে এসেছেন রবি বিষ্ণোই।

অন্যদিকে, ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে না পারায় এক নম্বর স্থান হারান নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এর ফলে তৃতীয়বারের মতো ওয়ানডে ব্যাটারদের শীর্ষে ফিরলেন গিল।