বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ধাক্কা কাটিয়ে পরিবারের সঙ্গে নিজ শহর রোজারিওতে কয়েক দিন বিশ্রাম কাটিয়েছেন লিওনেল মেসি। সেই বিরতি শেষে মানসিকভাবে সতেজ হয়ে গতকাল বুধবার ইন্টার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন এই আর্জেন্টাইন অধিনায়ক।

অনুশীলন মাঠে খেলোয়াড়দের প্রবেশের কিছু ছবি তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে পোস্ট করে ইন্টার মায়ামি লিখেছে, ‘আজ আগমনটা যেন একটু অন্য রকম।’

প্রকাশিত ছবিগুলোতে মেসিকে দেখা গেছে তাঁর স্বভাবসুলভ শান্ত মেজাজে। হাতে পান করার পাত্র, সঙ্গে সোনালি রঙের থার্মোস এবং কাঁধে বুটের ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে ক্লাবটি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে মেসির নেতৃত্বে দলের বাকি খেলোয়াড়দের সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথমবার জনসমক্ষে দেখা গেল মেসিকে।

বিশ্বকাপের পর ইন্টার মায়ামি ইতিমধ্যেই নতুন মৌসুমের কার্যক্রম শুরু করেছে। মেজর লিগ সকারে (এমএলএস) তারা শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে পরাজিত করেছে। আগামী রোববার এমএলএসে কলম্বাস ক্রুর বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে দলটি। তবে ওই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে; ধারণা করা হচ্ছে, এনইউ স্টেডিয়ামের কোনো একটি বক্স থেকে ম্যাচটি দেখবেন তিনি।

মাঠে মেসির ফেরার সঠিক সময় এখনো নিশ্চিত করা হয়নি। তবে সবকিছু অনুকূলে থাকলে আগামী বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে আতলেতিকো সান লুইসের বিপক্ষে তাঁকে আবারও খেলতে দেখা যেতে পারে। উত্তর আমেরিকায় যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা জিতেছিলেন এই লিগস কাপেই, তাই এই প্রতিযোগিতার সঙ্গে মেসির বিশেষ স্মৃতি জড়িয়ে আছে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও মেক্সিকান লিগের তারকাদের নিয়ে আয়োজিত ঐতিহ্যবাহী অল-স্টার ম্যাচে খেলার জন্য মনোনীত হয়েছিলেন মেসি। তবে বিশ্বকাপে খেলার কারণে তাঁকে এই আসর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আজ রাতে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তিনি অংশ নিচ্ছেন না।

মেসির পাশাপাশি তাঁর সতীর্থ রদ্রিগো দি পলও অল-স্টার ম্যাচের পর কয়েক দিনের ছুটির বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতা করেছিলেন। তাই এই ম্যাচে না খেললেও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। তবে গত বছরের পরিস্থিতি ছিল ভিন্ন, তখন অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি।