জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে আজ বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে অনানুষ্ঠানিক ভোট গ্রহণ করা হবে। গোপন এই ব্যালটের মাধ্যমে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্যদেশগুলোর সমর্থনের মাত্রা যাচাই করা হবে।
পর্তুগালের নাগরিক আন্তোনিও গুতেরেস পাঁচ বছর করে পরপর দুই মেয়াদ দায়িত্ব পালনের পর চলতি বছরের শেষে তাঁর পদ ছাড়বেন। তাঁর উত্তরসূরি হিসেবে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল বা উগান্ডার কোনো প্রার্থী আসার সম্ভাবনা রয়েছে।
নিরাপত্তা পরিষদের এই অনানুষ্ঠানিক ভোটকে ‘ট্র পোল’ বলা হয়। এই প্রক্রিয়ায় নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যদেশের প্রতিনিধিরা মহাসচিব প্রার্থী সম্পর্কে তিন ধরনের মত দিতে পারেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ ও ‘কোনো মতামত নেই’।
সাধারণত একাধিক দফায় এ ধরনের ভোট অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, এই প্রক্রিয়া সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে শেষ হতে পারে। তবে কোনো গ্রহণযোগ্য প্রার্থী নিয়ে ঐকমত্য না হলে এই প্রক্রিয়ায় আরও বেশি সময় লাগতে পারে।