দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
ঢাকা অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এই সফরের অংশ হিসেবে আরও কয়েকজন মন্ত্রীর সঙ্গেও তার বৈঠক হতে পারে।
সফরসূচি অনুযায়ী, সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার আলোচনার সম্ভাবনা রয়েছে।
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পাঁচ মাস পর প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটিই প্রথম সফর।
কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরসহ বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক পরাশক্তির সঙ্গে ঢাকার কূটনৈতিক যোগাযোগ জোরদার হওয়ার এই সময়ে সার্জিও গোরের সফর বিশেষ গুরুত্ব বহন করছে।
বিশ্লেষকদের ধারণা, এই সফরে মার্কিন সরকারের পক্ষ থেকে বাংলাদেশের চীনের সঙ্গে ঘনিষ্ঠতা এড়ানোর বার্তা আসতে পারে। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকেও ব্যবসা সম্প্রসারণে নীতিমালা সংশোধনের বিষয়ে বার্তা দেওয়া হতে পারে।