যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার বাগুড়ী গ্রামে তার নিজ বাড়িতে এই অভিযান চালানো হয়।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন বর্তমানে ওই এলাকায় অবস্থান করছেন। এই তথ্যের ওপর ভিত্তি করে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নাসির উদ্দিন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, "গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।"

তিনি আরও জানান, "এলায়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।"