বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করলে তা মেনে নেবে না জনগণ। এমন হুঁশিয়ারি দিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। তিনি সতর্ক করে বলেন, এই ধরনের রাজনীতি অব্যাহত থাকলে জামায়াত ও এনসিপির পরিণতিও হতে পারে আওয়ামী লীগের মতো।
বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে জেলা বিএনপি আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মামুন এসব কথা বলেন। উক্ত সভায় জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের এক পর্যায়ে এমপি মামুন বলেন, "বিএনপি সরকারের ভুলত্রুটিগুলো আপনারা সঠিকভাবে উপস্থাপন করুন। আমার বিশ্বাস, সেগুলো সংশোধন করে সরকার দেশকে সঠিক পথে পরিচালিত করবে। কিন্তু বিএনপির বিরুদ্ধে বিরোধী দলের নামে ষড়যন্ত্র করে রাজনৈতিক অঙ্গনকে অশান্ত করার চেষ্টা করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। বরং হতে পারে আওয়ামী লীগ গেছে যেই পথে, জামায়াত ও এনসিপি যাবে সেই পথে। এখনো সময় আছে, সতর্ক হোন।"
এনসিপির প্রতি সুপরামর্শ দিয়ে তিনি বলেন, "এনসিপিকে সুপরামর্শ দিতে চাই, যেখানে প্রোগ্রাম করবেন আপনাদের সেই বেয়াদব নাসিরউদ্দীন পাটওয়ারীকে রেখে প্রোগ্রাম করার চেষ্টা করবেন। বিএনপি আপনাদের পাশে থেকে সহযোগিতা করবে। কিন্তু সেই বেয়াদবকে নিয়ে যদি উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে এই বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করেন, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।"
জনগণের প্রত্যাশা পূরণের বিষয়ে এমপি মামুন আরও বলেন, "আজকের এই বিএনপি জনগণের প্রত্যাশা পূরণের বিএনপি। কোনো নেতাকর্মীর অন্যায়ের দায় বিএনপি নেবে না। এই বিএনপি যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, কোনো নেতারাই আগামী দিনে বিএনপিকে টিকিয়ে রাখতে পারবেন না। আমরা পাঁচজন সংসদ সদস্য নিজ নিজ এলাকার উন্নয়নে কাজ করছি। আরও কয়েক মাসের মধ্যেই সেই উন্নয়নের চিত্র দৃশ্যমান হবে বলে আমি বিশ্বাস করি। আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।"