কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া এলাকায় অবৈধ অস্ত্র সংগ্রহ করতে গিয়ে স্থানীয় জনতার গণপিটুনির শিকার হয়েছেন দুই ব্যক্তি। পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ভাঙা বন্দুক জব্দ করা হয়।
ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাঝপাড়া এলাকায়। আটককৃতরা হলেন কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার মৃত তালেব আলীর ছেলে শাজাহান এবং লাহিনী বটতলা এলাকার আকুলের ছেলে সবুজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাঝপাড়া এলাকার মজিদ মেম্বার নামক এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র কেনার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন শাজাহান ও সবুজ। তবে তাদের সন্দেহজনক চলাফেরা লক্ষ্য করে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে গণধোলাই দেয়। খবর পেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার ও আটক করে। তল্লাশির সময় তাদের ব্যাগে থাকা একটি ভাঙা বন্দুক উদ্ধার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, হাতকড়া পরা অবস্থায় পুলিশি জিজ্ঞাসাবাদে দুই আসামি মজিদ মেম্বারের কাছ থেকে বন্দুকটি সংগ্রহের কথা স্বীকার করছেন।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কুষ্টিয়ার বিতর্কিত ‘নান্দিয়ার বিল’ কেন্দ্রিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় পুনরায় অবৈধ অস্ত্রের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। অতীতে এই বিলের নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছিল। নতুন করে অস্ত্রের লেনদেনের খবরে স্থানীয়দের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ও চরম আতঙ্ক বিরাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ রানা বলেন, "ঘটনার নেপথ্য কারণ, অস্ত্রের প্রকৃত উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখতে পুলিশের তদন্ত চলছে।"