জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটের পাঁচটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই কর্মসূচি ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার (২৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবি সদর দপ্তরে বিজিবি সদস্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, "জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেকের সুপারিশের ভিত্তিতে বিজিবি মোতায়েনের আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার দুদিনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য চাওয়া হয়েছে।"

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ও শুক্রবার সিলেট জেলার বিভিন্ন উপজেলায় এনসিপির উদ্যোগে ‘জুলাই পদযাত্রা’ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলার লক্ষ্যেই বিজিবি মোতায়েনের এই উদ্যোগ।

সূত্রটি আরও জানায়, জৈন্তাপুর, গোলাপগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় আগামী দুই দিন বিজিবি মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এসব উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

এদিকে এনসিপি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ জানান, বৃহস্পতিবার বেলা ১১টায় গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নেতারা। এরপর বেলা ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগর উপজেলায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, শুক্রবার বেলা ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর উপজেলায় দলের জুলাই পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।