ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে নির্মমভাবে হত্যার শিকার পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব কানাডা। সংগঠনটির উদ্যোগে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

গত সোমবার তারাকান্দা উপজেলায় দিপু দাসের বাড়িতে যান সংগঠনের অর্থ সম্পাদক অরূপ কুমার ঘোষ। তিনি সংগঠনের সভাপতি বাদল ঘোষ ও সাধারণ সম্পাদক তপন কর্মকারের পক্ষে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এসময় দিপু দাসের স্ত্রী মেঘনা রবি দাস, বাবা রবি চন্দ্র দাস এবং মা শেফালি রবি দাসের হাতে এক লাখ টাকার অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

পরিবারের সদস্যদের সাথে আলাপকালে অরূপ কুমার ঘোষ বলেন, ‘দিপু দাসকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যার পর কয়েক কিলোমিটার দূরে নিয়ে গাছে ঝুলিয়ে আগুন দেওয়া হয়। উপার্জনক্ষম দিপুর মৃত্যুতে পরিবারটির যে ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমাদের সংগঠনের পক্ষ থেকে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হলো।’

উল্লেখ্য, গত বছরের ১৮ ডিসেম্বর রাতে ভালুকার হবিরবাড়ি ইউনিয়নের ডুবালিয়াপাড়া এলাকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেড কারখানার কর্মী দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর মরদেহটি কারখানা থেকে এক কিলোমিটার দূরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় সড়ক বিভাজকের একটি গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।