ইলিশের রাজধানী হিসেবে পরিচিত চাঁদপুরের ঐতিহ্যবাহী বড়স্টেশন মাছঘাটে ইলিশ মাছের পাশাপাশি এখন দাম বেড়েছে ইলিশের ডিমের। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বুধবার (২৯ জুলাই) বড়স্টেশন মাছঘাট পরিদর্শনে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ইলিশের ডিম ৫ হাজার ৫০০ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

মাছঘাটের ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, গত বছর একই সময়ে প্রতি কেজি ইলিশের ডিমের দাম ছিল আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা। তবে এবার বাজারে ডিমওয়ালা ইলিশের পরিমাণ কম হওয়ায় ডিমের সংকট তৈরি হয়েছে, যার ফলে অল্প সময়ের ব্যবধানে দাম প্রায় দ্বিগুণ বেড়েছে।

ব্যবসায়ীদের মতে, দিন দিন ইলিশের ডিমের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ক্রেতা কেবল ইলিশের ডিম কেনার জন্য চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ছুটে আসেন। কিন্তু সেই চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত নয়।

মাছ ব্যবসায়ী নাহিদ হোসেন জানান, "অন্যান্য বছর ডিমওয়ালা ইলিশ অনেক বেশি পাওয়া যেত। কিন্তু এবার তা বেশ কম। ক্রেতাদের চাহিদানুযায়ী ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না। মূলত যোগান কম ও চাহিদা বেশি থাকায় ডিমের দাম এভাবে বেড়েছে।"

আরেক ব্যবসায়ী নবীর হোসেন বলেন, "আগে ঘাটের প্রায় প্রতিটি দোকানেই ইলিশের ডিম পাওয়া যেত। কিন্তু এখন সংকটের কারণে মাত্র দুই-তিনজন ব্যবসায়ী তা বিক্রি করতে পারছেন।"

তিনি আরও জানান, বর্তমানে ঘাটে এক কেজি ওজনের ইলিশ মাছ ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সামনে ইলিশের সরবরাহ বাড়লে ডিমের দাম কিছুটা কমতে পারে বলে তিনি মনে করেন।

এদিকে দাম আকাশচুম্বী হলেও স্বাদের টানে অনেক ভোজনরসিক ক্রেতা ইলিশের ডিম কিনছেন। তবে সাধারণ ক্রেতাদের দাবি, এই চড়া দামে ডিম কেনা তাদের পক্ষে সম্ভব নয়।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার জানান, "বর্তমানে প্রতিদিন ঘাটে ২০ থেকে ২৫ কেজির বেশি ইলিশের ডিম মিলছে না। ইলিশ থেকে সংগৃহীত ডিম আলাদা করে বিক্রি করা হয়। আগে দেশের বিভিন্ন জেলায় ডিম পাঠানো হলেও এখন ঘাটেই সব বিক্রি হয়ে যায়। গত বছরের তুলনায় এবার বাজারে এক-তৃতীয়াংশ ডিমও নেই।"

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইলিশের সরবরাহ বাড়লে এই সংকট কেটে যাবে এবং দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।