বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদী হাসান মিরাজকে সরিয়ে ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লিটন দাসকে। এর ফলে টি-টোয়েন্টি দলের পাশাপাশি সাদা বলের ক্রিকেটের বাকি সংস্করণটিতেও নেতৃত্ব দেবেন লিটন।
বুধবার মিরপুরে বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, নেতৃত্বে এই পরিবর্তনের আগে মেহেদী হাসান মিরাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ওই অলরাউন্ডার।
তিনটি ভিন্ন ফরম্যাটে তিনজন আলাদা অধিনায়ক রাখার নীতি থেকে সরে আসায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নতুন এই কাঠামো অনুযায়ী, ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থাকবে লিটন দাসের হাতে। তবে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন।
২০২৫ সালের জুনে শান্তর পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছিল মিরাজকে। তার নেতৃত্বে শুরুর দিকে ছন্দ হারিয়ে ফেললেও পরবর্তীতে কিছুটা ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে বিদেশের মাটিতে প্রত্যাশিত সাফল্য আসেনি। দেশের বাইরে মিরাজের নেতৃত্বাধীন ১৩টি ওয়ানডে ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুটিতে।
এর আগে তিন ফরম্যাটেই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত। পরবর্তীতে তিনি টি-টোয়েন্টির দায়িত্ব ছাড়লে লিটনকে অধিনায়ক করে বিসিবি। এরপর শান্তকে ওয়ানডে নেতৃত্ব থেকেও সরিয়ে দায়িত্ব দেওয়া হয় মিরাজকে। ফলে টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন নেতৃত্ব দিয়ে আসছিলেন।
মিরাজকে সরিয়ে লিটনের হাতে ওয়ানডে দলের দায়িত্ব অর্পণের মাধ্যমে তিন অধিনায়কের যুগের সমাপ্তি ঘটল। এখন থেকে লাল বলের ক্রিকেটে শান্ত এবং সাদা বলের দুই সংস্করণে লিটনকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।