গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকার গো-হাটিপাড়া এলাকা থেকে ৬ বছর বয়সী এক শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির মা গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী বানী বেগম জানান, বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে তার ছেলে মো. বোরহানকে গো-হাটিপাড়ায় তাদের ভাড়া বাসার গেটের সামনে থেকে পূর্বপরিচিত খলসীচাঁদপুর শরিফুল পুত্র মো. আরিফ মিয়া এবং তার সঙ্গে থাকা আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তি কৌশলে ডেকে নিয়ে যায়। এরপর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের দাবি, অভিযুক্ত ব্যক্তি তাদের আত্মীয়তার সম্পর্কের (ভাগনি জামাই) হওয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এই অপহরণ ঘটানো হয়েছে। এছাড়া ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও অভিযোগে জানানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বুধবার (২৯ জুলাই) দুপুর এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে"। তিনি আরও জানান, "বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"