সিরাজগঞ্জে সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নাকে হত্যার হুমকির অভিযোগে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতাকে গ্রেপ্তারের দাবিতে অনশন পালন করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

বুধবার (২৯ জুলাই) বিকেল পর্যন্ত দ্বিতীয় দিনের মতো জেলা শহরের স্টেশন চত্বরে তিনি এই অনশন কর্মসূচি চালিয়ে যান। এই কর্মসূচিতে তার সঙ্গে স্থানীয় অনেকে যোগ দেন। এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় অনশন শুরু হয়। অনশন চলাকালীন অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং তার রাজনৈতিক দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।

ভুক্তভোগী শরীফুল ইসলাম ইন্না সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি। অভিযুক্ত ছানোয়ার হোসেন সানু জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই শরীফুল ইসলাম ইন্নার পরিবার একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে তারা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবি জানান।

এই বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, "সাংবাদিককে হত্যার হুমকির ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। তদন্তের অনুমতি চেয়ে জিডির কপি আমরা কোর্টে পাঠিয়েছি। কোর্ট থেকে আমাদের তদন্তের নির্দেশ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"