রাজধানীর বিদ্যমান বিভিন্ন সংকটের মূল কারণ হিসেবে সঠিক পরিকল্পনার অভাবকে চিহ্নিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ঢাকার সামগ্রিক নগরকেন্দ্রিক ব্যবস্থাপনা বর্তমানে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

সম্প্রতি মুক্তকণ্ঠের আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সাদিক কায়েম বলেন, "ঢাকায় দীর্ঘদিনের অনেক নগরকেন্দ্রিক সংকট রয়েছে। পুরো ব্যবস্থাপনাই অব্যবস্থাপনার মধ্যে আছে। এখানে কোনো ধরনের পরিকল্পনা নেই। এটিকে এমনভাবে ঢেলে সাজানো দরকার, যার মাধ্যমে প্রতিটি সমস্যার সমাধান করা সম্ভব হবে। ঢাকার প্রায় প্রতিটি জায়গাতেই প্রকট সংকট রয়েছে। কোনো সঠিক পরিকল্পনা নেই।"

নগরীর বিভিন্ন খাতের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "পরিচ্ছন্নতা কার্যক্রম থেকে শুরু করে গণপরিবহন, বাসাবাড়ির নির্মাণ, ভাড়া নির্ধারণ এবং উন্নয়ন প্রকল্প, সব ক্ষেত্রেই সঠিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। নগরটিকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।"

ডাকসুর ভিপি মনে করেন, দক্ষ পরিকল্পনাবিদদের সম্পৃক্ত করে কাজ করা হলে রাজধানীর দীর্ঘদিনের সমস্যাগুলোর কার্যকর সমাধান পাওয়া সম্ভব। সুশৃঙ্খল ও পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমেই ঢাকাকে একটি বাসযোগ্য নগরীতে রূপান্তর করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।