দেশের প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বুধবার (২৯ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে ভার্চুয়ালি অনুষ্ঠিত জুন মাসের অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম। ভার্চুয়ালি এই সভায় মেট্রোপলিটন পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন রেঞ্জ ও জেলার কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ান, ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম বলেন, "দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।"
অপরাধ যাতে কোনোভাবেই বৃদ্ধি না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব ইউনিটকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। বিশেষ করে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং অপহরণের মতো গুরুত্বপূর্ণ অপরাধের মামলাগুলো নিবিড়ভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একইসঙ্গে তদন্তের মানোন্নয়ন এবং বিচারিক প্রক্রিয়ায় সাজার হার বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় গত জুন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এছাড়া ডাকাতি, দস্যুতা, হত্যা, ধর্ষণ ও অপহরণ মামলার অগ্রগতি, মুলতবি গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হার নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।