মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের পথরোধ করেছে পুলিশ। হবিগঞ্জের পথে পুলিশের চতুর্থ ব্যারিকেডে আটকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে দলটির নেতারা গাড়ি থেকে নেমে সড়কে বসে পড়েন।

বুধবার (২৯ জুলাই) বিকেল চারটার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর প্রথমবার আটকে দেয় পুলিশ। পরবর্তীতে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা হবিগঞ্জের দিকে যাত্রা শুরু করেন। তবে হবিগঞ্জের মিরপুর এলাকার আগেই পুলিশ আবারও তাদের পথরোধ করে।

বিকেল পাঁচটার দিকে ব্যারিকেডের সামনে পুলিশের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বাকবিতণ্ডার পর তারা পুনরায় যাত্রা শুরু করেছিলেন। হবিগঞ্জে পৌঁছে দলটির একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, মিরপুর এলাকায় পুনরায় পথরোধ করার পর এনসিপি নেতারা সড়কে বসে বিক্ষোভ করছেন।

এই বিষয়ে মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু জানান, "নিরাপত্তাজনিত কারণেই তাদের আটকে দেওয়া হয়েছে।"