বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ এবং আন্তর্জাতিক বৃত্তি অর্জনে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে একটি সেমিনারের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)। গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ২২৭ নম্বর সেমিনার কক্ষে ‘রেডি টু ফ্লাই উইথ ইরাসমাস মুন্ডুস স্কলারশিপস: আনলক গ্লোবাল অপরচুনিটিজ’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের আওতাধীন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস কর্মসূচির এশিয়া অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক এবং ইরাসমাস মুন্ডুস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. আশিকুর রহমান। আন্তর্জাতিক শিক্ষা ও বৃত্তি বিষয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতার আলোকে ইউরোপের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ বৃত্তিসহ উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং নির্বাচনের বিভিন্ন ধাপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সেমিনারে শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুতের বিভিন্ন কৌশল প্রদর্শিত হয়। বিশেষ করে উদ্দেশ্যপত্র রচনা, ব্যক্তিগত অভিপ্রায়পত্র প্রণয়ন, আন্তর্জাতিক মানসম্পন্ন জীবনবৃত্তান্ত প্রস্তুত, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নিজস্ব যোগ্যতা সমৃদ্ধ করা এবং বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাসসহ বিশ্বের বিভিন্ন দেশের পূর্ণ অর্থায়িত বৃত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

সেমিনারে মো. আশিকুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক বৃত্তি অর্জনের জন্য শুধু ভালো ফল যথেষ্ট নয়। নেতৃত্বের গুণাবলি, গবেষণায় সম্পৃক্ততা, সামাজিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং কার্যকর যোগাযোগদক্ষতা একজন শিক্ষার্থীকে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে রাখে। তাই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন থেকেই এসব দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করতে হবে।’

আইইউবিএটির বিভিন্ন কলেজ ও বিভাগের শিক্ষার্থীরা এই সেমিনারে অংশ নেন। প্রশ্নোত্তর পর্বে তারা বৃত্তির আবেদন প্রস্তুতি, উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং বিদেশে অধ্যয়নসংক্রান্ত নানা বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসাইন, রেজিস্ট্রার অধ্যাপক মো. মমতাজুর রহমান, আইইউবিএটি বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোজাফ্ফর এ চৌধুরী, স্কুল অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক উৎপল কান্তি দাস, মিয়ান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাজল সাহা, আন্তর্জাতিক কার্যালয়ের পরিচালক মো. সাদেকুল ইসলাম, ব্র্যান্ডিং ও গণসংযোগ দপ্তরের পরিচালক মো. আলামিন সিকদার শিহাব এবং আইইউবিএটি র‍্যাঙ্কিং ইউনিটের পরিচালক হাসানুজ্জামান তুহারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও কর্মকর্তা।

শিক্ষার্থীদের বিশ্বজয়ের স্বপ্ন দেখার আহ্বান এবং আন্তর্জাতিক বৃত্তির সুযোগ কাজে লাগিয়ে নিজেদের শিক্ষা ও কর্মজীবন সমৃদ্ধ করার অনুপ্রেরণামূলক বার্তার মধ্য দিয়ে সেমিনারটি সম্পন্ন হয়।