এশিয়ান গেমসের প্রস্তুতিকে বেগবান করতে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দলের কোচ হিসেবে আবারও দায়িত্ব নিচ্ছেন জার্মান নাগরিক পিটার গেরহার্ড। বাংলাদেশ হকি ফেডারেশন তাকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
ফেডারেশনের সাথে গেরহার্ডের সমঝোতা ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। প্রাথমিকভাবে দুই মাসের চুক্তিতে দায়িত্ব গ্রহণ করছেন তিনি। তবে এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স সন্তোষজনক হলে এই চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
হকি ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক আজ মুক্তকণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। কোচিং প্যানেলে চারজন স্টাফের অন্তর্ভুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আশা করি, গেরহার্ড এই শুক্রবারই ঢাকায় আসবেন। তাঁর সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এরপর দলকে নিয়ে জার্মানিতে যাবেন। সেখানে যুক্ত হবেন আরও চারজন কোচিং স্টাফ—পল লিসেক, অলিভার কার্স, ম্যাথিয়াস এবং আকিম মানসেস।’
প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ হকি দল জার্মানিতে এক মাসব্যাপী কন্ডিশনিং ক্যাম্পে অংশ নেবে। এই ক্যাম্প চলাকালীন জার্মানির শীর্ষ লিগের বেশ কয়েকটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
পিটার গেরহার্ড এর আগে বিভিন্ন সময়ে বাংলাদেশ হকি দলের দায়িত্ব পালন করেছেন। ২০০৯ সালের এপ্রিলে তিনি প্রথম কোচিং পরিচালক হিসেবে দেশে আসেন। এরপর ২০১৬ সাল পর্যন্ত জাতীয় দল ও ক্লাব পর্যায়ে কাজ করেন তিনি। তাঁর তত্ত্বাবধানেই রাসেল মাহমুদ জিমিসহ কয়েকজন খেলোয়াড় ইউরোপের লিগে খেলার সুযোগ পেয়েছিলেন।
সর্বশেষ ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ হকি ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে পুনরায় দায়িত্ব গ্রহণ করেছিলেন গেরহার্ড। তবে ওই বছরের সেপ্টেম্বরে রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি পদত্যাগ করেন।