দেশের চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদানের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৯ জুলাই) প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যা দমকা বা ঝড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি বর্তমানে পশ্চিম দিকে সরে উত্তর উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।