স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্যতার প্রস্তাব প্রত্যাহারসহ তিন দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।

বুধবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলে আরও রয়েছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার এবং শিশির মোহাম্মদ মনির।

জামায়াতের দাবি, বর্তমান আইন অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকেরা চাকরি ছেড়ে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারেন। তবে এই সুযোগ বাতিলের সুপারিশ করা হলে তা সংবিধানস্বীকৃত নাগরিকের রাজনৈতিক অধিকার ক্ষুণ্ন করতে পারে বলে মনে করে দলটি।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, "স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশগ্রহণের সুযোগ বাদ দেওয়ার প্রস্তাবের বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে সামসুল আলমের নিয়োগের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে দলের অবস্থান কমিশনের কাছে তুলে ধরা হবে।"

উল্লেখ্য, গত ২১ জুলাই নির্বাচন কমিশনের এক সভায় স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার সুপারিশ চূড়ান্ত করা হয়। একই সভায় জাতীয় সংসদ নির্বাচনের আদলে স্থানীয় সরকার নির্বাচনেও সেনা মোতায়েনের আইনি সুযোগ রাখাসহ আরও কিছু সুপারিশ চূড়ান্ত করা হয়েছিল।