রাজধানীর শিকদার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেশীয় অস্ত্রসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন— মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)।

বুধবার (২৯ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা উপ-পরিচালক মো. আশিকুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার (২৮ জুলাই) রাতে তাদের আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপ-পরিচালক আশিকুজ্জামান আরও জানান, ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের ধাওয়া করেন। তবে সেই সময় চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে চোরচক্রটি পুনরায় হাসপাতালে ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে। এই অবস্থায় আনসার সদস্যরা বিচলিত না হয়ে দ্রুত অতিরিক্ত সদস্য নিয়ে একটি সমন্বিত অভিযান পরিচালনা করেন।

অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্রসহ (চাপাতি) চক্রের তিন সদস্য— মো. রনি, সাব্বির ও সালামকে হাতেনাতে আটক করা হয়। তবে অন্ধকারের সুযোগ নিয়ে চক্রের বাকি সদস্যরা পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে একটি চাপাতি জব্দ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।