আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্যানুসারে বর্তমানে বিশ্বে ২০-২১ কোটি মানুষ বেকার। তবে ফুটবল বিশ্বে এমন কিছু নাম উঠে এসেছে, যাঁদের এই ‘বেকারত্ব’ সাধারণের চেয়ে ভিন্ন। মোহাম্মদ সালাহ, জেডন সানচো, মাউরো ইকার্দি এবং দুসান ভ্লাহোভিচের মতো তারকা ফুটবলাররা, যাঁদের নাম দীর্ঘ এক দশক ধরে ইউরোপের বড় বড় স্টেডিয়ামের আলোয় উজ্জ্বল ছিল, তাঁরা এই মুহূর্তে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন। ফুটবলের পরিভাষায় তাঁরা এখন ‘ফ্রি এজেন্ট’।

এই তালিকার সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে দীর্ঘ ৯ বছরের যাত্রা শেষ করে চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই লিভারপুল ছেড়েছেন তিনি। ২০২৫ সালের এপ্রিলে নতুন দুই বছরের চুক্তিতে সই করলেও, শেষ মৌসুমে কোচ আর্নে স্লটের সঙ্গে তাঁর রসায়ন আর জমেনি। দুই শতাধিক গোল, দুটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ এবং চারটি গোল্ডেন বুট জয়ের রেকর্ড নিয়ে সালাহ যখন ক্লাব ছাড়ছেন, তখন তাঁর পরবর্তী গন্তব্য নিয়ে চলছে ব্যাপক জল্পনা। সৌদি প্রো লিগের আল-হিলাল ও আল-ইত্তিহাদ ছাড়াও যুক্তরাষ্ট্রের এমএলএস এবং ইউরোপের ফেনেরবাচে ও রোমার মতো ক্লাবগুলো তাঁকে দলে নিতে আগ্রহী। বিশ্বকাপের মঞ্চে মিসরের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা সালাহ শেষ পর্যন্ত কোথায় যোগ দেবেন, তা এখন ফুটবল বিশ্বের প্রধান জিজ্ঞাসা।

স্ট্রাইকারদের মধ্যে দুসান ভ্লাহোভিচ ও মাউরো ইকার্দির ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। ২০২২ সালে ৬৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে জুভেন্টাস ভ্লাহোভিচকে এনেছিল ইউরোপের সেরা ‘নাম্বার নাইন’ বানানোর লক্ষ্য নিয়ে। তবে নতুন চুক্তি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ায় এই সার্বিয়ান স্ট্রাইকার এখন ক্লাবহীন। অন্যদিকে, গালাতাসারাই ছেড়ে দেওয়া মাউরো ইকার্দির পরিস্থিতি ভিন্ন। ইন্টার মিলানের সাবেক এই স্ট্রাইকার তুরস্কে চার মৌসুমে ১৩৪ ম্যাচে ৭৭ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। তবে ২০২৪ সালের নভেম্বরে ডান হাঁটুর এসিএল ছিঁড়ে যাওয়ায় ৩৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলার এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। ইনজুরি এবং বয়স—এই দুই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে ইকার্দির পরবর্তী গন্তব্য এখনো অজানা।

বিষণ্ণতার গল্প জেডন সানচোর। একসময়ের বিস্ময় এই ২৬ বছর বয়সী ইংলিশ উইঙ্গার এখন যেন অপাংক্তেয়। ডর্টমুন্ডে তিন মৌসুমে ১২৫ ম্যাচে ১০২টি গোল ও অ্যাসিস্টে অবদান রাখলেও, ২০২১ সালে ৭৩ মিলিয়ন পাউন্ডের রেকর্ড ট্রান্সফারে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার পর তাঁর ছন্দ হারিয়ে যায়। ওল্ড ট্রাফোর্ডে ৮৩ ম্যাচে মাত্র ১২ গোল করার পর ডর্টমুন্ড, চেলসি এবং অ্যাস্টন ভিলায় ধারে কাটানো সময়গুলোও তাঁকে আগের ফর্মে ফেরাতে পারেনি।

রক্ষণের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। রিয়াল মাদ্রিদে পাঁচ মৌসুম কাটিয়ে ক্লাব ছাড়ছেন চারবারের চ্যাম্পিয়নস লিগজয়ী ডেভিড আলাবা। অভিজ্ঞতার দিক থেকে অতুলনীয় হলেও তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের অধিনায়ক দানি কারভাহালও বর্তমানে ক্লাবহীন। ম্যানচেস্টার সিটিতে এক দশক কাটিয়ে মুক্ত হয়েছেন জন স্টোনস। পেপ গার্দিওলার অধীনে সব জেতা এই ডিফেন্ডারের শেষ মৌসুমটি ইনজুরিতে অতিবাহিত হয়েছে; শোনা যাচ্ছে তিনি ইন্টার মিলানে যোগ দিতে পারেন। এছাড়া আর্সেনাল থেকে অলেকসান্দার জিনশেঙ্কোও এই তালিকায় আছেন, যদিও হাঁটুর লিগামেন্টের চোট তাঁকে দীর্ঘ সময় মাঠের বাইরে রাখতে পারে।

বায়ার্ন মিউনিখে আট বছর কাটিয়ে লিওন গোরেৎস্কা এখন ফ্রি এজেন্ট। ভিনসেন্ট কমপানির অধীনে গত মৌসুমে সুযোগ পেলেও নতুন চুক্তির ব্যাপারে ক্লাবটি আগ্রহী হয়নি। এছাড়া এমএলএসে মিনেসোটা ইউনাইটেডের হয়ে খেলা কলম্বিয়ার হামেস রদ্রিগেজও নতুন ক্লাব খুঁজছেন। এই তালিকায় আরও রয়েছেন ব্রাজিলের ফাবিনহো, আইভরিকোস্টের ফ্রাঙ্ক কেসিয়ে, ইংল্যান্ডের জেমি ভার্ডি এবং আলজেরিয়ার রিয়াদ মাহরেজ। পাশাপাশি, নরওয়েকে নিয়ে বিশ্বকাপে শেষ আটে যাওয়া গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডও বর্তমানে ক্লাবহীন।