ভোলার দুলারহাটে ‘জীন হাজির’ করে স্বর্ণালঙ্কার দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— নুরাবাদের রুমা, মুক্তা, মুজিবনগরের স্বপন ফরাজী এবং আলামিন।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪ ফেব্রুয়ারি সকালে দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মকবুল মুন্সির বাড়িতে ইয়ানুর বেগমের বসতঘরে এই প্রতারণা সংঘটিত হয়। ওই চক্রটি স্থানীয় ১৭ জন নারীকে ‘জীন হাজির’ করে স্বর্ণ দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখায়। তাদের কথা বিশ্বাস করে ভুক্তভোগীরা মোট ১০ ভরি ১১ আনা স্বর্ণালঙ্কার প্রতারকদের হাতে তুলে দেন, যার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৬ হাজার টাকা। এরপর স্বর্ণ নিয়ে চক্রের সদস্যরা আত্মগোপন করেন।

পুলিশ আরও জানায়, গত ২৭ জুলাই বিকেলে একই চক্র পুনরায় প্রতারণার উদ্দেশ্যে নুরাবাদ এলাকায় এলে ভুক্তভোগীরা তাদের চিনতে পারেন এবং চারজনকে আটক করেন। খবর পেয়ে দুলারহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।

আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক জোড়া স্বর্ণের রুলি, এক জোড়া স্বর্ণের ঝুমকা এবং নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে দুলারহাট থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দণ্ডবিধির (পেনাল কোড) ৪০৬ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার বলেন, "মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।"

একই সঙ্গে এ ধরনের প্রতারণা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।