চট্টগ্রামের হাটহাজারীতে এস এম শহিদুল্লাহ রনি নামের এক সাংবাদিকের চলন্ত প্রাইভেটকার লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গাড়ির ক্ষয়ক্ষতি হলেও তিনি অক্ষত রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের চারা বটতল এলাকায় এই হামলা চালানো হয়। ভুক্তভোগী রনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চারা বটতল ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা। তিনি নগরে আবাসন ব্যবসা ও রাউজানে ইটভাটা পরিচালনার পাশাপাশি একটি পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ঘটনার বর্ণনা দিয়ে এস এম শহিদুল্লাহ রনি বলেন, "রাতে নিজ প্রাইভেটকার চালিয়ে একা বাড়ি ফেরার সময় চারা বটতল এলাকায় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হঠাৎ গাড়ির গতিপথ রোধ করে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ করে। তাৎক্ষণিক তিনি গাড়ি ব্রেক করে হেডলাইট বন্ধ করে দিলে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে তিনটি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।"

ব্যবসায়িক ও ব্যক্তিগত বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন রনি। খবর পেয়ে হাটহাজারী থানা পুলিশ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী ব্যক্তি ব্যবসায়ী, রাউজানের বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে তার পূর্ববিরোধ রয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। ধারণা করা হচ্ছে, সেই বিরোধ থেকেই এই সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।"