হবিগঞ্জে দলীয় কর্মসূচির সময় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ তুলে বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে দলটির দপ্তর সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে যে, হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচির সময় মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে বুধবার (২৯ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতৃত্ব। কর্মসূচির অংশ হিসেবে এনসিপির সকল মহানগর, জেলা, উপজেলা ও থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং দলীয় নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।