নরসিংদীর শিবপুরে এক নারীকে মধ্যরাতে পুকুরপাড়ে দেখা করার কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত আশরাফ উদ্দিন আকন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী নারীর একটি অভিযোগসংবলিত ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। অভিযোগকারী নারীর দাবি, ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ উদ্দিন তাকে শর্ত দিয়েছেন যে, ‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, এর আগেও ওই নেতার অনৈতিক প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে সরকার ঘোষিত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পর স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে এবং ঘটনার সুষ্ঠু বিচারের দাবি উঠেছে।
তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আশরাফ উদ্দিন আকন্দ। তিনি বলেন, “আমাকে সামাজিকভাবে হেয় করতে দলেরই একটি পক্ষ অসৎ উদ্দেশ্যে ওই নারীকে দিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। প্রায় পাঁচ মাস আগে আমার পা ভেঙে যায়, আমি এখনও পুরোপুরি সুস্থ নই। এই অবস্থায় রাত ১২টায় পুকুরপাড় যাওয়ার প্রশ্নই ওঠে না।”
তিনি আরও দাবি করেন, অভিযোগকারী নারী মূলত মাছিমপুর ইউনিয়নের খড়িয়া গ্রামের বাসিন্দা। গত ঈদের সময় ওই নারী তার কাছে জাকাতের কাপড় ও চালের স্লিপ চেয়েছিলেন, যা তিনি দিতে পারেননি। সেই ক্ষোভ থেকেই এই চক্রান্ত করা হচ্ছে বলে তিনি মনে করেন।
এই বিষয়ে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি তার নজরে এসেছে এবং আশরাফ উদ্দিন তার সঙ্গে যোগাযোগ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তবে দল বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর যদি এটি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত হয়, তবে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।