সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে পরাজিত করে ফাইনালে প্রবেশ করেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে দাপুটে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্সের পর ফাইনালে পৌঁছানো ছিল প্রত্যাশিত।

অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। ফলে আগামীকাল শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

ফাইনালে পৌঁছানোর পথে পাঁচ ম্যাচে জয়লাভ করায় আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) র‍্যাঙ্কিংয়ে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ। দীর্ঘ সময় নিয়মিত প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় র‍্যাঙ্কিংয়ের বাইরে থাকা বাংলাদেশ সর্বশেষ ২০২৩ সালে ছেলেদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ খেলেছিল, যেখানে তাদের অবস্থান ছিল ১৪৮ নম্বরে। তবে সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে একলাফে ৭৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ, যা মোট ৭৩ ধাপের উন্নতি।

লিগ পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে হেরেছে হরষিত বিশ্বাসরা। বাকি চার ম্যাচে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছে তারা।

উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত কাভা চ্যাম্পিয়নশিপে একবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেবার কিরগিজস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল তারা, তবে সেই আসরে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল ছিল না। এবারের প্রতিযোগিতায় ভারত অংশ নেয়নি। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশ নিয়েছে।