লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জন নেতার পদত্যাগের ঘটনায় ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তির কথা জানানো হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
লক্ষ্মীপুর জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন জানান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এই সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে লেখা হয়নি।
জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, "কমিটি ঘোষণার পর কয়েকজন নেতা পদত্যাগ করেছেন বলে শুনেছি। তবে কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে কেন্দ্রীয় যুবদলের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় নেতৃত্ব কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত নেয়।"
দলীয় সূত্রে জানা গেছে, গত রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে সম্মেলনের প্রক্রিয়ায় গঠিত ৩১ সদস্যের কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। তবে কমিটি ঘোষণার পরদিনই সোমবার (২৭ জুলাই) ৬ যুগ্ম আহ্বায়কসহ মোট ১৬ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্যসচিব মাসুদুর রহমান মাসুদ দুজনই বিদেশ থেকে এসে কমিটিতে দায়িত্ব গ্রহণ করেছেন।