মুঠোফোনের নিয়ন্ত্রণ নিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ব্যাংক হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ওই তরুণের নাম আসিফ আহমেদ ওরফে সায়েম (২৪)। তিনি হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের শিমুলকুচি গ্রামের বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। আজ মঙ্গলবার বিকেলে র‍্যাব-১৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুর গ্রামের বাসিন্দা চৌধুরী মনিরুজ্জামান (৪৭) চাকরির প্রয়োজনে বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অবস্থান করেন। গত ১৩ জুন তাঁর মুঠোফোন হ্যাক করে মোবাইল ব্যাংকিং অ্যাপের নিয়ন্ত্রণ নেওয়া হয় এবং তাঁর স্যালারি অ্যাকাউন্ট থেকে তিন লাখ টাকা বিভিন্ন ব্যক্তির অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। এই ঘটনায় ওই দিনই বগুড়ার শাহজাহানপুর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭, ১৮, ২২ ও ২৭ ধারায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় আসিফ আহমেদ চার নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।

র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন জানান, মামলার তদন্ত কর্মকর্তার অনুরোধে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে শাহজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।