নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি বাবুগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ (৩৫)। তিনি রহমতপুর ইউনিয়নের রাজগুরু এলাকার বাসিন্দা মোহাম্মাদ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) রাতে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার পর থেকে তিনি দীর্ঘ সময় পলাতক ছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, আহমদ উল্লাহর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১)/৩০ ধারা; পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(২)/৮(৩) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮০/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
বরিশাল বাবুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, "পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি আহমদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।"