ভারত বা যুক্তরাষ্ট্র—কারও আধিপত্যই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৮ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

সভায় নাহিদ ইসলাম বলেন, "গণঅভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য, স্বাধীন পররাষ্ট্রনীতির জন্য, নদীর পানির ন্যায্য হিস্যার জন্য। আমরা কারও আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, আমেরিকারও না।"

জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে তিনি জানান, আন্দোলনের সময় তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিছিলের অপেক্ষায় থাকতেন। তিনি উল্লেখ করেন, ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হয়েছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে জাতি ঋণী। বিভিন্ন সময়ে এ বিশ্ববিদ্যালয়ের অবদানের স্বীকৃতি এখনো পায়নি। সরকারের কাছে আমাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।"

শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, অবকাঠামোর চেয়ে মূল্যবোধ এবং শিক্ষা অধিক গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভিসি ও শিক্ষক নিয়োগ যেন সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে হবে।

গণঅভ্যুত্থান-পরবর্তী অর্জন নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, "আমরা মনে করি, জুলাই গণঅভ্যুত্থান চলমান। জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। এবার আমরা দুটি ভোট দিয়েছি। কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়িত হয়নি।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন, প্রক্টর অধ্যাপক মো. নাসির উদ্দিন, ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার এবং জকসু ভিপি রিয়াজুল ইসলাম।