নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিন্নাগুনি গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবুল কাশেমের (৬০) বাড়ি উপজেলার কাদরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের রমিজ উদ্দিন ভূঁইয়া বাড়িতে। গত শুক্রবার তিনি বোনের বাড়ি গিয়েছিলেন এবং সেখান থেকেই নিখোঁজ হন। গতকাল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তীব্র দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ডোবায় তাঁর মরদেহটি দেখতে পান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার অসুস্থ অবস্থায় আবুল কাশেম সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে হাতে ক্যানুলা লাগানো অবস্থাতেই তিনি বিন্নাগুনি গ্রামে তাঁর বোনের সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে বের হওয়ার পর বিকেলে তিনি নিখোঁজ হয়ে যান। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তাঁর কোনো সন্ধান পাননি। অবশেষে গতকাল স্থানীয়দের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনা প্রসঙ্গে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার মুক্তকণ্ঠকে বলেন, "বোনের বাড়ি থেকে বের হওয়ার পরই আবুল কাশেম নিখোঁজ ছিলেন। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। খবর পাওয়ার পর পুলিশের একটি দল ডোবা থেকে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"