আগামী নভেম্বরে তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জলবায়ু সম্মেলন 'কপ-৩১'-এ যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে, কার্বন নিঃসরণ হ্রাস, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান চূড়ান্ত করতে বর্তমানে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। এ লক্ষ্যে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
জাতিসংঘের জলবায়ু সনদের আওতায় ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন) এই সম্মেলনে অংশ নেবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, বিজ্ঞানী, ব্যবসায়ী, সাংবাদিক, এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিসহ প্রায় এক লাখ প্রতিনিধি এই মেগা ইভেন্টে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কার্বন নিঃসরণ কমানো, অভিযোজন, ক্ষতিপূরণ, জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল উন্নয়ন।