গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর আলম (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে শ্রীপুর পৌরসভার প্রশিকা মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।
পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "গ্রেপ্তারের সময় জাহাঙ্গীরেরকাছ থেকে ১৪ হাজার ৪০০টি ইয়াবা ও নগদ ৫৩ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়েছে।"
তদন্তকারী পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদক ব্যবসা, ছিনতাই এবং ডাকাতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৩টি মামলা রয়েছে। এর আগে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর রাতে শ্রীপুরের মাওনা বাজারের পিয়ার আলী কলেজ এলাকায় মাদক উদ্ধার অভিযান চলাকালে পুলিশ ও স্থানীয়দের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জাহাঙ্গীর কারাগারে গিয়েছিলেন। ওই হামলায় তিন পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। উল্লেখ্য, আসামি ছিনিয়ে নেওয়ার ওই ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করা হলেও এখন পর্যন্ত অন্য কারো গ্রেপ্তার হয়নি।