পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সতর্কবার্তা জারি করেছে পুলিশ সদর দপ্তর। অভিযোগ উঠেছে, প্রতারক চক্র ভূয়া পরিচয় ধারণ করে সাধারণ মানুষের কাছে অর্থ দাবি করছে এবং বিভিন্ন ধরনের তদবিরের কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানায়, "প্রতারকরা সরকারি কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা পাঠিয়ে নিজেদের পরিচয় গোপন রেখে জালিয়াতি করছে।"

কর্তৃপক্ষ আরও উল্লেখ করেছে যে, এই ধরনের জালিয়াতির ফলে একদিকে যেমন সাধারণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো আইডিতে সরকারি কর্মকর্তার ছবি বা পরিচয় থাকলেই সেটি ওই ব্যক্তির প্রকৃত অ্যাকাউন্ট বা মোবাইল নম্বর বলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যাবে না। তাই এ ধরনের কোনো বার্তা বা অনুরোধে সাড়া না দেওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

প্রতারণামূলক কোনো বার্তার সম্মুখীন হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার পাশাপাশি সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর নিশ্চিত করেছে, এ ধরনের প্রতারণার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।