ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ওই নোটিশটি দেওয়া হয়।
এর আগে সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, সরোয়ার হোসেন তার কার্যালয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। টাকা নেওয়ার পর নিজের চেয়ারে বসে তাকে বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা সরোয়ার হোসেনের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
শোকজের বিষয়ে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন মুক্তকণ্ঠকে জানান, "ছড়িয়ে পড়া ভিডিওর ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। অভিযুক্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এ বিষয়ে জরুরি সভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
তিনি আরও সতর্ক করে বলেন, "অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অনিয়মে জড়িত কারও বিরুদ্ধে ছাড় দেওয়ার সুযোগ নেই।"