ক্ষমতাসীন রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, যে দল একসময় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিত, সেই স্লোগান এখন ‘সবার আগে বিএনপি’-তে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মগবাজারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতি অভিযোগ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, “চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং দখল বাণিজ্য সহজ ও নির্বিঘ্ন করতেই রাষ্ট্রীয় প্রতিটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজেদের দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।”
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব পদে শামসুল আলমকে নিয়োগ দেওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ ও কঠোর সমালোচনা প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, শামসুল আলম দলীয় ব্যক্তি। তাকে এই পদে বহাল রাখা হলে আগামী দিনে কোনো স্থানীয় সরকার নির্বাচনই স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব হবে না। তাই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে অবিলম্বে তাকে ওই পদ থেকে প্রত্যাহারের জোর দাবি জানিয়েছে দলটি।
পাশাপাশি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের নিরাপত্তার অভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দলটির শীর্ষ নেতারা।