হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে বর্তমানে ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো সহজেই বিপুল সংখ্যক মানুষের কাছে হালনাগাদ তথ্য পৌঁছে দিচ্ছে এবং বিভিন্ন বিষয়ে জরিপ পরিচালনা করছে। এই প্রক্রিয়াকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করতে এবার প্রশাসকদের জন্য ‘প্রাইভেট ভিউ কাউন্টস’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যানেলের প্রশাসকেরা জানতে পারবেন, তাদের প্রকাশিত প্রতিটি পোস্ট কতজন অনুসারী দেখেছেন। বর্তমানে অ্যান্ড্রয়েড ও আইওএসের বেটা সংস্করণ ব্যবহারকারীদের মাধ্যমে এই সুবিধাটির কার্যকারিতা পরীক্ষা করা হচ্ছে।
হোয়াটসঅ্যাপের দেওয়া তথ্য অনুযায়ী, এই সুবিধাটি চালু হলে প্রতিটি নতুন পোস্টের নিচে একটি ভিউ কাউন্টার অপশন দেখা যাবে। এর ফলে পোস্টটি কতজন অনুসারী দেখেছেন, তা সহজেই জানতে পারবেন প্রশাসকেরা। তবে গোপনীয়তা বজায় রাখতে এই তথ্য চ্যানেলের অন্য কোনো সদস্য বা অনুসারীরা দেখতে পাবেন না। এর ফলে কনটেন্ট নির্মাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বুঝতে পারবেন কোন ধরনের পোস্ট অনুসারীদের মাঝে বেশি সাড়া ফেলছে, আর একই সঙ্গে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তাও অক্ষুণ্ন থাকবে।
বর্তমানে চ্যানেলের কোনো পোস্ট কতজন দেখেছেন, তা জানার কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা নেই। পোস্ট কতবার ফরোয়ার্ড হয়েছে তা থেকে কিছুটা ধারণা পাওয়া গেলেও প্রকৃত ভিউসংখ্যা জানা সম্ভব হয় না, যার ফলে অনেকে চ্যানেলের জনপ্রিয়তা সম্পর্কে ভুল ধারণা পান। নতুন এই সুবিধা চালু হলে প্রশাসকেরা সহজেই চিহ্নিত করতে পারবেন কোন পোস্টটি সবচেয়ে বেশিবার দেখা হয়েছে বা কোন ধরনের কনটেন্ট অনুসারীদের বেশি আকৃষ্ট করেছে। এর ফলে দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে ভবিষ্যতের কনটেন্ট পরিকল্পনা করা সহজ হবে।
এছাড়া হোয়াটসঅ্যাপ জানিয়েছে, চ্যানেলকে আরও অংশগ্রহণমূলক করতে ভবিষ্যতে ‘পাবলিক ভিউ কাউন্টস’ নামে আরেকটি সুবিধা চালু করা হবে। এটি চালু হলে চ্যানেলের সঙ্গে যুক্ত সাধারণ সদস্যরাও প্রতিটি পোস্টের দর্শকসংখ্যা দেখতে পাবেন। তবে এই ফিচারটি বর্তমানে উন্নয়ন পর্যায়ে রয়েছে।
সূত্র: টেকলুসিভ