জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে আজ মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ) এই তথ্য নিশ্চিত করেছে।

ভূমিকম্পের পর ১ মিটার (প্রায় ৩ দশমিক ৩ ফুট) উচ্চতার সুনামি ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জেএমএ। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে অবস্থিত কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি অঞ্চলের জন্য জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করেছে জাপান সরকার।

প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবিলায় বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেনদাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের সমস্যার খবর পাওয়া যায়নি। তবে রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান জেআর কিউশু জানিয়েছে, ভূমিকম্পের পর তারা সব ধরনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। এর মধ্যে উচ্চগতির শিনকানসেন ট্রেন পরিষেবাও রয়েছে।

উল্লেখ্য, বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি জাপান। প্রশান্ত মহাসাগরকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সমুদ্রগর্ভস্থ খাতসমৃদ্ধ ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থান করায় বিশ্বের ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে। দেশটিতে গড়ে অন্তত প্রতি ৫ মিনিটে একটি করে ভূমিকম্প অনুভূত হয়।